ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, যতক্ষণ পর্যন্ত ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়, ততক্ষণ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা যাবে না।
রোববার (১০ মে) সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে, সেগুলোও ভেঙে ফেলতে হবে।”
ইউরেনিয়াম কীভাবে সরানো হবে— এমন প্রশ্নে তিনি জানান, “ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে।” নেতানিয়াহুর দাবি, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অবস্থান নিয়েছেন। তবে তার বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলে না।
ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান “সামরিকভাবে পরাজিত” হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম। তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো কঠোর নজরদারিতে রয়েছে।
নেতানিয়াহু অবশ্য সামরিক পদক্ষেপের চেয়ে সমঝোতাকে বেশি গুরুত্ব দেন। তার ভাষ্য, “যদি একটি চুক্তি হয় এবং ভেতরে গিয়ে তা সরিয়ে আনা যায়, সেটিই হবে সবচেয়ে ভালো উপায়।” তবে সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধের আরও কিছু লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ইরান এখনো বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তাদের সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও অনেক কিছু রয়ে গেছে এবং কাজ শেষ হয়নি।
সূত্র: আল আরাবিয়া


