ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পাঁচটি চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ (ইনজাংশন) জারি করে ওয়াশিংটনের পদক্ষেপকে ‘দীর্ঘহাতের বিচারব্যবস্থা’ বলে আখ্যা দিয়েছে।
মার্কিন প্রশাসন অভিযোগ করেছে, সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলো ইরানের তেল কেনাবেচায় যুক্ত হয়ে তাদের নিষেধাজ্ঞা নীতি লঙ্ঘন করেছে। এর আওতায় পড়েছে হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংশিং কেমিক্যাল।
চীনের জারি করা ইনজাংশন কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের এই নতুন উত্তেজনা দুই দেশের চলমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা


