মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্থানীয় সময় বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরাইলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি।
ট্রাম্প দাবি করেন, “এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ।” তবে তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে তিনি এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।
ইরান যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, নেতানিয়াহু “ভালো মানুষ” এবং তার সঙ্গে সম্পর্কও ঘনিষ্ঠ। তিনি আরও যোগ করেন, “তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইল তাকে যথাযথ সম্মান দিচ্ছে না।”
এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।
তথ্যসূত্র: ইউএসএ টুডে


