পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ উঠেছে।
প্রতিবেদকের হাতে আসা প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি ক্যালকুলেটরে হিসাব করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে কমিশনের অঙ্ক নির্ধারণ করছেন। এক পর্যায়ে এক ইউপি সদস্যকে তিনি বলেন, “৩২ হাজার টাকা করে ৮ টন গম হলে মোট ২ লাখ ৫৬ হাজার টাকা। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়।”
ভিডিওতে আরও দেখা যায়, ১ লাখ ৬২ হাজার টাকার একটি টিআর প্রকল্পে ২৪ হাজার টাকা কমিশন দাবি করা হয়। একইভাবে ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পে ১৮ হাজার টাকা এবং একাধিক প্রকল্প মিলিয়ে ৫৬ হাজার টাকা দাবি করার কথাও শোনা যায়। ভিডিওর শেষদিকে কয়েকজনকে টাকা গুনতে এবং ফাইলের সামনে রাখতে দেখা যায়।
তবে অভিযোগ অস্বীকার করে বাবুল চন্দ্র রায় বলেন, “ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সে কারণেই এ ধরনের কথা হয়েছে।”
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


