
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহান আবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য এবং গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম। সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে, সংসদ সদস্য আব্দুল করিম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন, "এই শোক শুধু ইরানের জনগণের নয়, বরং এটি বিশ্ব মুসলিম উম্মাহর জন্যও এক বেদনাদায়ক ঘটনা। মহান আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদায় জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।"
রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায়, আব্দুল করিম চলমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতা এবং ইরানের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেন, বিশেষ করে আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে। তিনি আরও বলেন, "১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা, মিসরে ইখওয়ানুল মুসলিমিনের সংগ্রাম এবং উপমহাদেশে জামায়াতে ইসলামীর আন্দোলন—সবকিছুই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিন্ন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।"
এছাড়া তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইরানের শাসনব্যবস্থার আদর্শিক অবস্থানের প্রতি সমর্থনও জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং ইরানের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতেও বাংলাদেশি জাহাজ চলাচলের জন্য ইরান সরকারের দেওয়া অবাধ সুযোগের জন্য আব্দুল করিম ধন্যবাদ জানান।
তিনি উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সম্পর্কেও আলোচনা করেন এবং রাষ্ট্রদূতকে গাইবান্ধা জেলা সফরের জন্য আমন্ত্রণ জানান। জবাবে, রাষ্ট্রদূত জালিল রহিমি জাহান আবাদি যুদ্ধ-পরবর্তী সময়ে গাইবান্ধা জেলা সফরের আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, বৈঠকে ইরান দূতাবাসের কনস্যুলার ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা মাহমুদ খসরভি-ও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।