গাইবান্ধা সদরের বাদিয়াখালী এলাকায় অপহরণের শিকার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১৩। এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আহসান হাবীবকে (২২) গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে বাদিয়াখালী গ্রামের বকুল মিয়ার ছেলে আহসান হাবীব তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ছাত্রীটি বিষয়টি তার পরিবারকে জানালে তার অভিভাবকরা হাবীবের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবীব ও তার সহযোগীরা অপহরণের পরিকল্পনা করে।
গত ৩১ মার্চ ওই ছাত্রী রামনাথেরভিটা মন্ডলপাড়া এলাকায় তার চাচার বাড়িতে থাকাকালীন বাড়ির বাইরে বের হলে হাবীব ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের জনৈক আসাদুলের বাড়িতে আসামিরা আত্মগোপন করে আছে। গত ২৭ জুন রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং প্রধান আসামি আহসান হাবীবকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


