গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হাফিজুর রহমানের মেয়ে তসলিমা আক্তার মিম (১০) এবং জহুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রফি (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


