
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)
নিজস্ব সংবাদদাতা:|সারাদেশ
১৬ মার্চ ২০২৬, ১৯:৫৩

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গাইবান্ধায় ঈদ সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার (১৬ই মার্চ) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী জনাব ইসরাত জাহান বীথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় নারী ও পুরুষদের হাতে ঈদের উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দিন।
পুনাক সভানেত্রী জানান, ঈদের আনন্দ কেবল উচ্চবিত্ত বা সামর্থ্যবানদের জন্য নয়।বরং সমাজের সকল স্তরের মানুষের মাঝে এই আনন্দ ছড়িয়ে দেওয়াই পুনাকের মূল লক্ষ্য। অসহায় পরিবারগুলো যেন উৎসবের আমেজে ঈদ পালন করতে পারে, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
পুলিশের এই মানবিক কার্যক্রমে এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। পুনাক জানায়, আগামীতেও তারা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৫ PM