গাইবান্ধায় আলোচনায় এসেছে একটি কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে অভিযোগ ও প্রতিক্রিয়া। স্থানীয় তরুণী আশা মনি অভিযোগ করেছেন, অন্বেষা ট্যুর এন্ড ট্রাভেলসের আয়োজিত ট্যুরে অংশ নিয়ে তিনি নিরাপত্তাহীনতা ও অসম্মানজনক পরিস্থিতির শিকার হয়েছেন।
৭ মে অনুষ্ঠিত এই ভ্রমণের আয়োজন করেছিলেন গাইবান্ধার কনটেন্ট ক্রিয়েটর রঞ্জু। বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভে এসে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি আশা মনির কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির সঙ্গে কথা বলে আশা মনিকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেন।
লাইভে কান্নাজড়িত কণ্ঠে আশা মনি বলেন, বিশ্বাস করে ট্যুরে অংশ নিলেও সেখানে গিয়ে তিনি চরম হতাশার মুখোমুখি হয়েছেন। এ সময় তার আইফোন হারিয়ে যায়। পরে সেটি উদ্ধারের আশায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং এখনো খোঁজ চলছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ট্যুর এন্ড ট্রাভেলসের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ রঞ্জুর উদ্যোগে টাকা ফেরতের প্রতিশ্রুতিকে ইতিবাচক হিসেবে দেখছেন।


