গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পথসভায় সমাপনী বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন দলের স্থানীয় এক শীর্ষ নেতা। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্লোগান দেওয়া ওই নেতার নাম শফিজল ইসলাম। তিনি এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক এবং স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দিতে মঞ্চে ওঠেন শফিজল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শফিজল ইসলাম তাঁর বক্তব্যে বলেন—
"আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নির্বাচনের জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। এতে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, তবে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা পাশে থাকলে চেয়ারম্যান পদে আমার জয় নিশ্চিত। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।"
তবে ‘জয় বাংলা’ স্লোগানটি মুখ ফসকে দেওয়ার পরপরই নিজের ভুল বুঝতে পারেন শফিজল। তিনি তাৎক্ষণিকভাবে মাইকে ‘সরি, সরি’ বলে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।
এর আগে ওই পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠনের প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ অন্যান্য নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে ঢাকায় ফেরার পথে বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত সাদুল্লাপুর সদরের এই পথসভায় অংশ নেন তারা।
এ ঘটনার পর শফিজল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে বিষয়টি অনভিজ্ঞতা ও অসাবধানতাবশত ঘটেছে বলে দাবি করেছেন এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম। তিনি বলেন, "শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁর নিজস্ব জনপ্রিয়তা থাকায় তাঁকে সাদুল্লাপুর উপজেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এত বড় ও বিপুলসংখ্যক মানুষের সামনে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা তাঁর আগে ছিল না। ফলে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি ‘জয় বাংলা’ স্লোগানটি দিয়ে ফেলেছেন।"


