গাইবান্ধায় আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সংগঠনের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিনামূল্যে পাকা ঘর, নলকূপ ও গবাদিপশু দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সংগঠনের পরিচালক মাওলানা শহিদুল ইসলাম প্রায় দেড় কোটি টাকা সংগ্রহের পর আত্মগোপনে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সদর উপজেলা ছাড়াও পলাশবাড়ী ও ফুলছড়ি এলাকায় শত শত মানুষের কাছ থেকে টাকা নেন। মধ্য নারায়ণপুর এলাকায় কিছু ঘরের আংশিক কাজ শুরু হলেও তা শেষ না করেই কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আল আমিন জানান, তার মাধ্যমে ৩৬৬ জনের কাছ থেকে প্রায় ৭৩ লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। টাকা উদ্ধারের আশায় তিনি আদালতে মামলা করেছেন।
এদিকে, এর আগে একই ধরনের প্রতারণার অভিযোগে ‘তিশা ফাউন্ডেশন’ নামে আরেকটি প্রতিষ্ঠানও কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। ধারাবাহিক এ ধরনের ঘটনার কারণে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


