গাইবান্ধায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছাঃ সুমাইয়া আক্তার (মারুফা) নামের এক স্কুলছাত্রীর অকাল মৃত্যু হয়েছে। গত শনিবার (১৫ আগস্ট) আনুমানিক দুপুর বেলা এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমাইয়া গাইবান্ধা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা এবং গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি সুমাইয়া তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার দুপুরে সবার অলক্ষ্যে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে তাকে পুকুর থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী,গত শনিবার বাদ মাগরিব গাইবান্ধা গোরস্থান মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।


