
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর এলাকায় কথিত হানি ট্র্যাপ চক্রের মূলহোতা বৃষ্টি খাতুনসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমদাদুল হক, মল্লিকা বেগম, তুহিন বেগম, কমেলা বেগম, সফুরা বেগম ও সাদিকুল প্রধান শুভসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, প্রেমের ফাঁদে ফেলে একটি সংঘবদ্ধ চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বিয়ের কাবিননামা, গোপন ছবি-ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ও ফোনকল রেকর্ড ফাঁসের হুমকি দিয়ে ৬-৭ জন যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছে তারা। সাংবাদিক, কাজী, আইনজীবী ও এলাকার কিছু নেতা এ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ ওঠে।
চক্রটির মূলহোতা হিসেবে বৃষ্টি খাতুন নামের এক কলেজ শিক্ষার্থীর নাম উঠে আসে। তিনি টিকটক ও ফেসবুক রিলসে বিভিন্ন ভিডিও প্রকাশ করে নির্দিষ্ট ব্যক্তিকে প্রলুব্ধ করেন। তার পরিবারসহ অন্যান্য সদস্যরা এ কাজে সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, এসব অনৈতিক কর্মকাণ্ডে প্রতিবাদ করলে ভুক্তভোগী ও এলাকাবাসীর নামে হয়রানিমূলক মামলা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা হানি ট্র্যাপ চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী ও এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়।