গত তিনদিন আগে গাইবান্ধা রেলস্টেশন এলাকায় একটি অজ্ঞাত শিশুকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে শিশুটিকে গাইবান্ধা সদর থানায় নিরাপদে রাখা হয়। পরিচয় জানা না থাকায় বিষয়টি নিয়ে সবার মাঝে উদ্বেগ তৈরি হয়। শিশুটির পরিবারের সন্ধান পেতে পুলিশ ও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। অবশেষে সেই প্রচেষ্টাই সফল হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে শিশুটির পরিবার তাকে শনাক্ত করতে সক্ষম হয় এবং দ্রুত গাইবান্ধা সদর থানায় এসে পৌঁছায়। পরে নিশ্চিত হওয়া যায়, শিশুটির নাম আব্দুল্লাহ। তার পিতার নাম ইউনুস। তাদের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার হুগলী এলাকায়।
শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার আব্দুল আল মামুন, মানবাধিকার কর্মী ও চ্যানেল -এস জেলা প্রতিনিধি ফারহান শেখ, গাইবান্ধার শিশু শিশু সুরক্ষা সমাজকর্মী ফরহাদ আলমসহ পরিবারের সদস্যরা।
পরিবার জানায়, গাজীপুরের একটি হাসপাতাল থেকে শিশুটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও দেখে তাকে শনাক্ত করে সদর থানায় যোগাযোগ করলে সুস্থভাবে তাকে ফিরে পাওয়া যায়।
দুইদিনের উৎকণ্ঠার পর শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে পরিবারে। স্থানীয়দের মানবিকতা, পুলিশের তৎপরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের ফলে একটি পরিবার তাদের প্রিয় সন্তানকে ফিরে পেয়েছে।


