ফিলিস্তিনের গাজা সিটিতে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই রাতভর চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গভীর রাতে এ হামলা চালানো হয়, যখন অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। আচমকা বিস্ফোরণ ও আগুনে তারা হতভম্ব হয়ে পড়েন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর একটি ক্ষতিগ্রস্ত স্থানে ভয়াবহ আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আটকে পড়া শিশু, নারী ও বৃদ্ধদের কাছে পৌঁছাতে তাদেরকে ব্যাপক বেগ পেতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ঘেরা অ্যাপার্টমেন্টগুলোতে একই পরিবারের সদস্যরা আটকা পড়ায় সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েকজন ভুক্তভোগী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
গাজার সরকারি তথ্য দপ্তরের দাবি, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ৩ হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা আপেক্ষিক শান্ত পরিস্থিতি ভেবে ঘুমাতে গিয়েছিলেন। কিন্তু বিস্ফোরণ, আগুন আর ধ্বংসযজ্ঞের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তাদের আশঙ্কা, যুদ্ধবিরতি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আগামী দিনগুলোতে আরও বড় ধরনের সংঘাত বা উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা


