বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন প্রিয়াঙ্কা। এ ঘোষণার পর থেকেই তাদের দাম্পত্য বিচ্ছেদের গুঞ্জন আপাতত স্তিমিত হয়েছে বলে মনে করছেন অনেকে।
তবে প্রিয়াঙ্কার ব্যক্তিজীবন নিয়ে বলিপাড়ায় নানা সময় আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনই সবচেয়ে বেশি আলোচিত। ক্যারিয়ারের শুরুর দিকে থেকেই দুজনের ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুষা চলছিল। ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধেন তারা। এরপর ২০১১ সালের ‘ডন-২’ ছবির শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলে দাবি করেন অনেকেই।
শুটিংয়ের বাইরেও বিভিন্ন ফটোশুট ও পার্টিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-প্রিয়াঙ্কাকে। বলিউডের গসিপ ম্যাগাজিনগুলোতে তাদের ছবি প্রকাশিত হয়। এমনকি আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহ দিতে শাহরুখের পাশে প্রিয়াঙ্কাকে দেখা যেত নিয়মিত। শাহরুখের বাড়িতেও তার যাতায়াত ছিল বলে গুঞ্জন ছড়ায়।
এ নিয়ে শাহরুখ-পত্নী গৌরীর অসন্তোষ প্রকাশ্যে আসে। গৌরীর আপত্তির কারণেই নাকি শাহরুখ আর প্রিয়াঙ্কার সঙ্গে বড়পর্দায় কাজ করেননি। এমনকি গৌরীর চাপেই বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কট করে বলে শোনা যায়।
প্রিয়াঙ্কা অবশ্য বলিউড ছাড়িয়ে হলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। ২০১৫ সালে ‘কোয়েন্টিকো’ সিরিজের মাধ্যমে তার আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি মূলত হলিউডেই কাজ করছেন।
তবুও শাহরুখের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন মাঝেমধ্যেই ফিরে আসে। এক চ্যাট শো-তে প্রিয়াঙ্কা একটি জ্যাকেট দেখিয়ে বলেন, সেটি তার সাবেক প্রেমিকের উপহার। একই ধরনের জ্যাকেট শাহরুখকেও পরতে দেখা গেছে। এমনকি কানাডার টরন্টোয় গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন ছড়ায়। যদিও এ বিষয়ে দুজনেই কখনও প্রকাশ্যে কিছু বলেননি।
প্রিয়াঙ্কা-নিকের নতুন অধ্যায়ের সঙ্গে পুরনো গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। তবে বাস্তবে তারা দুজনেই নিজেদের ক্যারিয়ার ও পরিবারকে কেন্দ্র করেই এগিয়ে যাচ্ছেন।


