গরমের তীব্রতায় ত্বক দ্রুত নিস্তেজ ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সূর্যের অতিবেগুনি রশ্মি, ঘাম, ধুলা ও পানিশূন্যতা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা নষ্ট করে দেয়। তাই গরমে ত্বককে সতেজ ও সুস্থ রাখতে বিশেষ যত্ন নেওয়া জরুরি।
সানস্ক্রিন ব্যবহার:
বিশেষজ্ঞরা বলেন, বাইরে বের হওয়ার আগে এসপিএফ–৪০ বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দেয়।
শরীর ও ত্বক হাইড্রেটেড রাখুন:
গরমে শরীর দ্রুত পানি হারায়। দিনে পর্যাপ্ত পানি পান করুন এবং ত্বকে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যারা এসি ঘরে কাজ করেন, তাদের প্রতি ২–৩ ঘণ্টা পরপর ময়েশ্চারাইজার লাগানো উচিত।
হালকা ক্লিনজার ব্যবহার:
ঘাম ও ধুলায় রোমছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। তাই দিনে অন্তত দুইবার মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা ভালো—বিশেষ করে বাইরে থেকে এসে ও রাতে ঘুমানোর আগে।
ত্বককে শান্ত রাখুন:
রোদে জ্বালাপোড়া বা লালচে ভাব কমাতে অ্যালোভেরা, শসা বা ঠান্ডা উপাদানযুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করুন। ফ্রিজে রাখা শিট মাস্ক বা ফেস মিস্ট ত্বকে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেয়।
অ্যান্টি–অক্সিডেন্টের যত্ন:
সকালে ভিটামিন ‘সি’ সিরাম ব্যবহার করলে ত্বক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকে এবং উজ্জ্বলতা ফিরে পায়।
এক্সফোলিয়েশন:
সপ্তাহে ১–২ বার স্ক্র্যাবিং করে মৃত কোষ দূর করুন। এতে ত্বক মসৃণ ও সতেজ থাকে।
হালকা মেকআপ:
গরমে ভারী মেকআপ রোমছিদ্র বন্ধ করে ব্রণ সৃষ্টি করতে পারে। তাই মিনিমাল মেকআপই নিরাপদ।
ক্যাপ ও সানগ্লাস:
বাইরে বের হলে ক্যাপ, হ্যাট, সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন। এতে সূর্যের সরাসরি আলো থেকে ত্বক সুরক্ষিত থাকে।
ফল ও সবজি:
ফল ও সবজিতে থাকা ভিটামিন ও অ্যান্টি–অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। পর্যাপ্ত পানি পান করলে ত্বক আর্দ্র ও উজ্জ্বল থাকে।
এই গরমে নিয়মিত যত্নই পারে ত্বককে রোদ, ধুলা ও ক্লান্তি থেকে রক্ষা করতে।


