চট্টগ্রামে এক সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে মোবারক হোসেন ওরফে ইমন নামের এক সন্ত্রাসী বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব দে পার্থকে এই হুমকি দেন। এ ঘটনায় বিপ্লব দে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিপ্লব দে জানান, বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে ইমন প্রথমে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন এবং পরে ভয়াবহ ভাষায় অডিও বার্তা পাঠান। বার্তায় ইমন বলেন, “পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “চাঁদা চেয়ে হুমকির ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
কে এই ইমন :
পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ওরফে ইমন ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে। তিনি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুন, পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যাসহ সাত মামলার আসামি। পুলিশের তথ্যমতে, ইমন অন্তত ১৫–২০টি অস্ত্র বহন করেছেন এবং বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।
বর্তমানে বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, বড় সাজ্জাদের বাহিনীতে সক্রিয় রয়েছেন অন্তত ৫০ জন শুটার ও সহযোগী, যারা নিয়মিত হুমকি ও চাঁদা দাবি করে আসছেন।


