
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে দায়ের করা তিনটি পৃথক মামলায় চাঁদপুরের আদালতে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-কে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান-এর আদালতে ভার্চুয়ালি হাজির করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জিআর-৫৭৯, জিআর-৫৭১ ও জিআর-৫৮৫ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। জিআর-৫৭৯ মামলার তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত। জিআর-৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাদির শাহ এবং জিআর-৫৮৫ মামলার তদন্ত করছেন উপ-পরিদর্শক নুরে আলম।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান এমপি শেখ ফরিদ আহমেদ মানিক-এর বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলায় ১ নম্বর আসামি হিসেবে দীপু মনির বিরুদ্ধে নির্দেশনা ও ইন্ধনের অভিযোগ আনা হয়েছে।
আরেক মামলায় অভিযোগ করা হয়েছে, ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় তার ইন্ধনে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এছাড়া একই দিনে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের সময় সড়ক ভবনের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে।
স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা জানান, তিনটি মামলায় আসামি দীপু মনির পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি নিজেই আদালতে অভিযোগের বিষয়ে বক্তব্য দেন এবং সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।
আদালত সূত্রে আরও জানা যায়, ঘটনাগুলো চাঁদপুরে সংঘটিত হয়েছে এবং এজাহারে দীপু মনিকে নির্দেশদাতা ও ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনটি মামলায় তার শোন অ্যারেস্ট মঞ্জুর করেছেন বিচারক। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউরিটর অ্যাডভোকেট হারুনুর রশিদসহ অন্যান্য আইনজীবীরা।