
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
তৃণমূল থেকে ফেডারেশন: নতুন নেতৃত্বে ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন
নিজস্ব প্রতিবেদক|খেলা
১২ মার্চ ২০২৬, ১৩:৩৮

দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে এবং মাঠ পর্যায়ে গতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে ক্রীড়া প্রশাসন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যক্ষ নির্দেশনায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত সকল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিগুলো এক ঘোষণায় বাতিল করা হয়েছে। তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব আনতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এখন সক্রিয়। নতুন রূপরেখা অনুযায়ী, প্রতিটি বিভাগ ও জেলায় ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে আগামী ৩০ মার্চের মধ্যে বিশেষ বাহক মারফত এনএসসিতে পাঠানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নতুন অ্যাডহক কমিটিগুলোর প্রধান দায়িত্ব হবে রুটিনমাফিক কাজ পরিচালনার পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে স্ব-স্ব সংস্থায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।
জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পর্যায়ের অ্যাডহক কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সদস্য সচিব হিসেবে থাকবেন একজন স্থানীয় ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ। একইভাবে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে কমিটি গঠন করা হবে। মাঠ পর্যায়ের এই নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে সক্রিয় থাকা ফেডারেশনের অ্যাডহক কমিটিগুলোতে কিছু সংযোজন-বিয়োজন এবং নিষ্ক্রিয় ফেডারেশনগুলোতে ব্যাপক রদবদলের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। ঈদের ছুটির পরেই ফেডারেশনগুলোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ধারণা করা হচ্ছে, আগামী জুলাই-আগস্টের মধ্যেই নতুন নেতৃত্ব দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরবে।
ক্রীড়া প্রশাসন বর্তমান জাতীয় ক্রীড়া পরিষদ আইন ও প্রচলিত গঠনতন্ত্র মেনেই এই পরিবর্তনের পথে হাঁটছে। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের ক্ষেত্রে আসন্ন নির্বাচনে অংশগ্রহণে কিছুটা বাধ্যবাধকতা থাকলেও ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটির সদস্যদের জন্য তা থাকছে না। এনএসসির নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত প্রস্তাবিত কমিটিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। সরকারের এই জোরালো পদক্ষেপের ফলে স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং তৃণমূল থেকে দক্ষ নেতৃত্ব উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ক্রীড়া সংশ্লিষ্টরা।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৬ PM