দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন একদল পরীক্ষার্থী। শিক্ষার্থীদের আকস্মিক এই অবরোধের কারণে ওই এলাকার প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। এ সময় তাদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’—এমন নানা ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়।
সায়েন্সল্যাব মোড় ছাড়াও আজ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।
ঢাকার ভেতরে: শাহবাগ, উত্তরা ও মিরপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঢাকার বাইরে: রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
তবে দুপুরের পূর্ব পর্যন্ত সায়েন্সল্যাব মোড় ছাড়া অন্য কোথাও বড় ধরনের কোনো কর্মসূচি বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


