
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ (৩০ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা।
এদিকে, এর আগের দাম সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৮ মার্চ বিকেলে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা করা হয়েছিল। সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।