
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুইজনকে ৬ মাসের কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা:|গ্রেপ্তার
৩০ মার্চ ২০২৬, ১৮:৪৫

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয়ভাবে তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০) এবং চেংগাইন গ্রামের আমির হোসেন রতন (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহিনুরসহ পুলিশের একটি দল বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় সাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় দুই লিটার দেশীয়ভাবে তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জাকির হোসেন ও আমির হোসেন রতনকে আটক করা হয়।
পরবর্তীতে বিষয়টি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৪ PM