
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম (৩০) সম্প্রতি একটি ভিডিও তৈরি করেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে জিলাপির দাম নিয়ে সরল ভাষায় কথা বলছেন তিনি, যা অনেকেই বিনোদন হিসেবে গ্রহণ করেছেন।
তাইজুল ইসলাম ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেল্পার) হিসেবে কাজ করেন। তিনি জানান, তার বাবা-মা অসুস্থ এবং শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে ভিডিও তৈরি করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, তাইজুল স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপির দাম নিয়ে দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।” তার সরল ভাষায় করা এই প্রশ্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সরলতা এবং উপস্থাপনাকে বিনোদন হিসেবে দেখছেন এবং প্রশংসা করছেন, তবে কিছু দর্শক তাকে ব্যঙ্গও করছেন।
তাইজুল ইসলাম বলেন, “আমি সাংবাদিক না। আমার এলাকার খবর কেউ করে না, তাই আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আমাকে নিয়ে ট্রোল হলেও আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।”
এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, "তাইজুল ইসলামের বাড়ি আমার পরিষদের মধ্যে। তবে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে আমি আগে জানতাম না। আজ শুনলাম যে, সে ভিডিও করে ভাইরাল হয়েছে।"
এটি একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সাধারণ মানুষের সরলতা ও সহজ ভাষায় করা মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।