বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ খালিদ হাসান তারেক (৩০)। শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বুড়ির বটতলা এলাকায় তিনি এভাবে দল ত্যাগের প্রতীকী ঘোষণা দেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দাবি করেন, ২০১১ সাল থেকে আন্দোলন-মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং জাতীয় নির্বাচনে বুড়ির বটতলা কেন্দ্রে জামায়াতের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় মূল্যায়ন না পাওয়ায় ক্ষোভ থেকে তিনি এ সিদ্ধান্ত নেন। তারেক বলেন, “মন্দির পাহারা দেওয়া নিয়ে আপত্তি জানানোয় ইউনিয়ন আমিরের সঙ্গে বিরোধ হয়। এরপর থেকে আমাকে অবহেলা করা হয়। তাই ক্ষোভে দুঃখে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার সিদ্ধান্ত নিই।”
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না। দল ত্যাগ করে দিছি, জামায়াত ইসলাম করতাম সারা জীবন।”
তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা কমিটির সেক্রেটারি আবুল আল মাসুম বলেন, “ওই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি জামায়াতকে ভালোবাসতেন মাত্র।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


