গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো ও গাড়ির সাথে ঘর্ষণ লাগাকে কেন্দ্র করে কথার কাটাকাটির জেরে তিন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাম্পটিতে শৃঙ্খলার সাথে পেট্রল নিচ্ছিলেন মোটরসাইকেল বাইকাররা। কিন্তু দুপুর পৌনে ১২টার দিকে গাড়ির সাথে ঘর্ষণ লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথার কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এর পরই রেজওয়ান ছুরি বের করে কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)কে আঘাত করেন।
আহত যুবকদের মধ্যে কাওসার ও জাহিদকে স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন, তবে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, "তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেছি।"
এ ঘটনায় রেজওয়ানকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


