গাইবান্ধার ফুলছড়িতে বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বালাসীঘাট এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
দুপুর থেকেই ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন হাতে মানুষ সমবেত হন। এতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি এই সেতু নির্মাণ। এটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে এবং গাইবান্ধা, কুড়িগ্রামসহ আশপাশের জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “সেতু চাই” স্লোগানে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সেতু নির্মাণকাজ শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


