
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
বিএনপি নেতার বাড়ি থেকে ড্রামভর্তি পেট্রোল জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ|অপরাধ
২৮ মার্চ ২০২৬, ১১:২৯

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে জরিমানা করা হয়।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাফিউর রহমান।
অভিযানে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদুল হক স্থানীয় পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে ড্রামে সংরক্ষণ করে অধিক মূল্যে বিক্রি করছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও বিক্রির সরঞ্জাম জব্দ করে। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এরশাদুল হকের ভাই হারুন অর রশিদ দাবি করেন, মোটরসাইকেলের জন্যই কিছু পেট্রোল ড্রামে রাখা হয়েছিল। প্রতিবেশীদের শত্রুতার কারণে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। জব্দকৃত ড্রাম ও সরঞ্জাম প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:২৯ PM