নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের আমিনুল ইসলাম (৩০) এবং তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের রাসেল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৮ মে) ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ শিরোনামে গ্রিন ভ্যালি পার্ক ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। এতে বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০-১২ জন যুবক পার্কে আসা দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করে এবং বিদেশী পর্যটকদের মিয়া খলিফার স্বামী বলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। পরে আমিনুল ইসলাম সেই ভিডিও তার ফেসবুক পেজে পোস্ট করেন।
এ ঘটনায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই টিকটকারকে গ্রেপ্তার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় মামলা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এই ঘটনাটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির সীমা-লঙ্ঘনের বিষয় নয়, বরং বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত।


