ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত শনিবার (১৩ জুন) রাতে উপজেলা সদরের কালিতলা বাজারের পাশের একটি গোডাউনে। পুলিশ জানায়, কিশোরীর প্রেমিকসহ তিনজন মিলে রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত ৩টার দিকে নিয়মিত টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে এবং অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করায়।
আটকরা হলেন—সদর উপজেলার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) ও মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।
ভুক্তভোগীর পরিবার জানায়, এক সপ্তাহ আগে তামিমের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। শনিবার বিকেলে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় তামিম। শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে তাকে গোডাউনে নিয়ে যায় এবং সেখানে তামিমসহ তার দুই বন্ধু মিলে ধর্ষণ করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনা স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মীরা দ্রুত বিচার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


