নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে পত্নীতলা ও ধামইরহাট থানার পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ এপ্রিল রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ধামইরহাট থানা পুলিশ পৌরসভার টিএনটি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ বাবু (৩৮), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-মৃত শহিদা, গ্রাম-দক্ষিণ চকযদু, ধামইরহাটকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, গত ১২ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা একটি ব্যাটারিচালিত তিন চাকার চার্জার ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে ৫টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১০টি পলিথিন ব্যাগে মোট ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।


