
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মালয়েশিয়ায় টাকা লেনদেন নিয়ে কিশোরগঞ্জে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক:|সারাদেশ
২০ মার্চ ২০২৬, ১৭:৪০
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা-এ প্রবাসী আয় সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন-এর খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খয়েরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বাবুল মিয়া এবং তোতা মিয়ার ছেলে আজিজুল মুন্সির মধ্যে মালয়েশিয়ায় অর্থ লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে তাদের গ্রাম বাড়িতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী আকবর জানান, প্রবাসী আয় সংক্রান্ত বিবাদের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত। এতে অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৪ PM