পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বর্তমানে ইনসমনিয়া বা অনিদ্রায় ভুগছেন। ব্যস্ত জীবনের চাপ, রাত জেগে কাজ বা পড়াশোনা—সব মিলিয়ে অনেকেরই ঘুমের সময় এলেও চোখে আসে না ঘুম। চিকিৎসকরা বলছেন, কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললেই এ সমস্যার সমাধান সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত তিনটি বিষয় মেনে চললে অনিদ্রার সমস্যা দূর হয়ে আসবে—
1. ঘুমের পরিবেশ তৈরি করুন
ঘুমের জন্য একটি শান্ত ও নিরিবিলি ঘর বেছে নিন। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন এবং ঘুমের অন্তত ৩০ মিনিট আগে মোবাইল, ল্যাপটপসহ সব ধরনের স্ক্রিন থেকে দূরে থাকুন।
2. খাদ্য ও ব্যায়ামের ভূমিকা
খাবারের তালিকায় রাখুন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম ও মিষ্টি আলু। এগুলো ঘুমের জন্য উপকারী। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।
3. অভ্যাস পরিবর্তন করুন
ঘুমের চার ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপান থেকে বিরত থাকুন। রাতের খাবার গ্রহণ করুন ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে।
চিকিৎসকরা বলছেন, এসব অভ্যাস নিয়মিত অনুসরণ করলে সঠিক সময়ে ঘুম আসবে এবং সকালে সতেজভাবে দিন শুরু করা সম্ভব হবে।


