যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়। পরে জরুরিভিত্তিতে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করে তাঁর হৃদ্যন্ত্রে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক জানান, কেমব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টেফেন হোলির তত্ত্বাবধানে অ্যানজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অ্যানজিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। এরপর থেকে হৃদ্রোগ-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিতভাবে রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ‘ফলোআপ’ চিকিৎসা গ্রহণ করে আসছেন।
রাষ্ট্রপতি গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


