সেহোর, মধ্যপ্রদেশ: চৈত্র নবরাত্রি উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে নর্মদা নদীতে প্রায় ১১,০০০ লিটার দুধ ঢেলে দেওয়ার ঘটনা দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। সতদেব গ্রামের ‘শ্রী দাদাজি দরবার পাতালেশ্বর মহাদেব মন্দির’-এ ২১ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে নদীকে ‘মা’ সম্বোধন করে দুধ দিয়ে ‘অভিষেক’ করা হয়। আয়োজকদের দাবি, এটি তাদের ভক্তি ও বিশ্বাসের প্রকাশ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমালোচকরা বলছেন, মধ্যপ্রদেশে যেখানে প্রায় ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে এবং স্কুলের ‘মিড-ডে মিল’-এ পর্যাপ্ত দুধের অভাব রয়েছে , সেখানে হাজার হাজার লিটার দুধ নদীতে ঢেলে দেওয়া চরম অমানবিকতা।
পরিবেশবিদরা জানিয়েছেন, দুধের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) অপরিশোধিত পয়ঃনিষ্কাশনের তুলনায় প্রায় ৩০০ গুণ বেশি। ফলে বিপুল পরিমাণ দুধ নদীতে পড়লে পানির অক্সিজেন দ্রুত কমে যায়, যা মাছসহ জলজ প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। নর্মদা নদী ইতিমধ্যেই প্রায় ৮০টি প্রজাতির মাছ হারানোর সংকটে রয়েছে।
সমালোচকরা যুক্তরাজ্যের উদাহরণ টেনে বলেছেন, সেখানে দুর্ঘটনাবশত দুধ নদীতে পড়লে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। ২০১৭ সালে সমারসেটের এক খামারিকে ১৭০০ মাছ মারা যাওয়ার দায়ে ২২ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।
ভারতে এই ঘটনায় এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবেশবিদরা সতর্ক করেছেন, বিশ্বাসের নামে এ ধরনের অন্ধবিশ্বাস বন্ধ না হলে এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা না শিখলে দেশের পরিবেশগত সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে।


