গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ব্র্যাক এনজিও শাখায় কিস্তি পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক নারী সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী লাকী বেগম নিয়মিতভাবে ৩০ হাজার টাকার ঋণ পরিশোধ করে আসছিলেন। বাকি ছিল মাত্র ১,৫০০ টাকা। বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে আমবাগান সড়কে দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী ছালমা বেগম কিস্তির টাকা দাবি করলে লাকী বেগম তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় ছালমা তাকে ধাক্কা দিলে লাকী বেগম মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিয়ে ব্র্যাক অফিসে যোগাযোগ করলে মাঠকর্মী ছালমাকে পাওয়া যায়নি। ব্রাঞ্চ ম্যানেজার আজাহার আলী ফোনে জানান তিনি ফিল্ডে আছেন। এরিয়া ম্যানেজার শাহাবুদ্দিন বলেন, “লাকী বেগম ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন, যার মধ্যে ৩ হাজার টাকা বাকি রয়েছে। টাকা চাইতে গেলে তিনি মাঠকর্মীকে গালিগালাজ করেন এবং ধস্তাধস্তি হয়।”
এ ঘটনায় মাঠকর্মী ছালমা পাল্টা অভিযোগ করেছেন পুলিশের কাছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সুপদ হালদার জানান, “দু’পক্ষের কাছ থেকে পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”


