গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কর্মরত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অর্পিত সম্পত্তির ক্ষতিপূরণ উত্তোলনে বিতর্কের জন্ম দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বদলি করা হয়েছে।
আজকে ২৪ জুন (২০২৬) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানা যায়।
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জনস্বার্থে জারিকৃত এই আদেশে তাকে পঞ্চগড়ের বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য যে,গত ১৮ জুন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ ওঠে।এই বিষয়ে পরস্পরবিরোধী সরকারি প্রতিবেদনের সত্যতা জানতে সংবাদকর্মীরা এসিল্যান্ডের দপ্তরে গেলে তিনি তাদের সঙ্গে রূঢ় আচরণ করেন।
এ সময় তিনি সংবাদকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরা টেবিলে রাখতে নির্দেশ দেন এবং বুম ও ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বাধ্য করেন।
সাংবাদিকদের সঙ্গে ওই অপেশাদার আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। বিষয়টি রংপুর বিভাগীয় কমিশনারের নজরে এলে গত ২১ জুন গাইবান্ধা সার্কিট হাউসে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) নেতৃত্বে তদন্ত অনুষ্ঠিত হয়।
তদন্তের পর প্রশাসন জনস্বার্থে তাকে তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থেকে পঞ্চগড়ের বোদা উপজেলায় বদলির এই নির্দেশ প্রদান করে।


