নোয়াখালী-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সামাজিক মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ জোরদার করার আহ্বান জানিয়েছেন। রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, মব করা হচ্ছে এবং বিশেষ করে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা হচ্ছে, তা উদ্বেগজনক। তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগ অত্যন্ত জরুরি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দেশে মাহবুব উদ্দিন খোকন বলেন, "আপনি একজন আইনজীবী এবং ব্যারিস্টার ডিগ্রি লাভ করেছেন। আমিও ব্যারিস্টারি পড়াশোনা করেছি এবং আমি একজন প্র্যাকটিশনার ও হাই প্রফেশনাল আইনজীবী।" তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের জন্য কায়সার কামালকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর আইনি অভিজ্ঞতার আলোকে সংসদ কার্যক্রম আরও প্রাণবন্ত ও উচ্চস্তরে উঠবে।
এ সময় তিনি আরো বলেন, "আমরা যারা হাইলি প্রফেশনাল, আমাদের একটু বেশি সময় দেওয়া উচিত। এতে দেশ উপকৃত হবে। এখানে অনেক ব্যারিস্টার এবং অ্যাডভোকেট রয়েছেন, যারা কোর্টে প্র্যাকটিস করেন না, তাই যারা নিয়মিত প্র্যাকটিশনার, তাদের কথা বলার সুযোগ দিলে দেশ উপকৃত হবে।"
বিএনপি এমপি আরও বলেন, সামাজিক মাধ্যম বর্তমানে এক বিপজ্জনক স্থান হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি সরকারের কাছে প্রস্তাব দেন যে, তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইন রয়েছে, সরকারের তা নিয়ন্ত্রণ করা উচিত।


