
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে স্বর্ণ চোরাচালানকারী আটক, উদ্ধার প্রায় ১ কোটি ৬ লাখ টাকার স্বর্ণালংকার
নিজস্ব প্রতিবেদকঃ|গ্রেপ্তার
১৪ মার্চ ২০২৬, ২২:০৯

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (৩০), এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাইরের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল আহমেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হয় এবং এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করলে তার কাঁধব্যাগ থেকে ৪৯৮.৩ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন এবং ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলোর মান ২১ থেকে ২২ ক্যারেট বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল আহমেদ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণালংকার দেশে আনা হয়।
এ ঘটনায় রাসেল আহমেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি (১)(বি) ধারায় মামলা করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, "বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সবসময় সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৮ PM