
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ঘোষণা করেছেন যে, দেশের কোনো হাসপাতাল বা ক্লিনিকে আর কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সচিবালয়ে ঈদের ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"অনিয়মের সঙ্গে জড়িত ক্লিনিক ও হাসপাতাল মালিকদের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবো।লাইসেন্সবিহীন, অননুমোদিত এবং নিম্নমানের কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না। যেসব প্রতিষ্ঠান ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হবে, সেগুলো কোনো বিলম্ব ছাড়াই অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।"
আজ (মঙ্গলবার) থেকেই রাজধানীতে বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও কঠোর অভিযান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আগামী সাত দিন রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী এলাকা পর্যন্ত সব ক্লিনিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি আরও বলেন,এই মনিটরিং কার্যক্রম পর্যায়ক্রমে ঢাকা থেকে শুরু করে পুরো দেশে সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য যে, এর আগের দিন (২৩ মার্চ ২০২৬) রাজধানীর শ্যামলীর 'ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে' ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচার করানোর অভিযোগ পাওয়ায় মন্ত্রী সেটি তাৎক্ষণিকভাবে সিলগালা করার নির্দেশ দিয়েছিলেন।