
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তুরস্কে ইরান ও কোস্টারিকার মধ্যে একটি প্রীতি ম্যাচ চলাকালে আজ (৩০ মার্চ) তিনি এ ঘোষণা দেন।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে। এর আগে, ইরান বিশ্বকাপের কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রে না হয়ে মেক্সিকোতে অনুষ্ঠিত করার জন্য আবেদনও করেছিল। তবে ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছিলেন, ফিফার কাছে এর বিকল্প কোন পরিকল্পনা নেই। এখন, ইরান না খেলার শঙ্কা উড়িয়ে দিয়ে ফিফা প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, ইরান তাদের ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে খেলবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ফুটবল বিশ্বকে শক্তিশালী করে আমরা যেকোনো বাধা দূর করতে চাই।” তিনি আরও জানান যে, তিনি মার্কিন প্রশাসনের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন এবং হোয়াইট হাউস থেকে নিশ্চয়তা পেয়েছেন যে, ইরানি ফুটবল দল এবং কর্মকর্তা-খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা থাকবে না, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সম্প্রতি, ইরানের ক্রীড়ামন্ত্রী রাজনৈতিক কারণে বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ফিফা প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ এবং খেলোয়াড় ও কোচের সঙ্গে আলোচনা শেষে পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে।