
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত শিশুকে টিকা দেওয়া হবে না। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "যে শিশুটি আগে হামের টিকা নিয়েছে, তাকে আবারও এই টিকা দেওয়া হবে। তবে যেসব শিশু এই মুহূর্তে অসুস্থ, যেমন হাম বা জ্বরে আক্রান্ত, তাদের ভিটামিন এ দেওয়া হবে।"
তিনি আরো জানান, যেসব এলাকাতে হামের প্রকোপ বেশি, সেখানে ৩০টি উপজেলায় আগামীকাল (রোববার) থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কার্যক্রম শুধু এই ৩০ উপজেলায় সীমাবদ্ধ থাকবে না; আমাদের লক্ষ্য হলো, দেশের প্রতিটি শিশুকে ৬ থেকে ৫৯ মাস বয়সে হামের টিকা নিশ্চিত করা।
মন্ত্রী উল্লেখ করেন, "বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় যুক্ত হওয়া শিশুরা মূলত ২০২০ সালের ডিসেম্বরে হওয়া দেশব্যাপী ক্যাম্পেইনের পর জন্ম নেওয়া। অনেক শিশু তখন টিকা পায়নি, তবে পুনরায় হামের টিকা নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।"
রোববার থেকে যে ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে সেগুলো হলো: রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।