
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
৮ মাস পর পরিবারের কোলে ফিরল ভুলে ট্রেনে হারানো শিশু আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদকঃ|সারাদেশ
১৪ মার্চ ২০২৬, ০৪:৫৯

কুমিল্লার বুড়িচং উপজেলার ১০ বছর বয়সী শিশু আবদুল্লাহ স্কুলে যাওয়ার পথে ভুলক্রমে ট্রেনে উঠে পড়ে নিখোঁজ হয়েছিল। দীর্ঘ ৮ মাস পর অবশেষে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আবদুল্লাহকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভাইকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। আবদুল্লাহর ভাই ফাহিম হোসেন বলেন, “অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। ৮ মাস পর ভাইকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত খুশি।”
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আবদুল্লাহ ভুলক্রমে ট্রেনে উঠে পড়ে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার (৮ মার্চ) ঈশ্বরদী রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মো. ইফতেখারুল ইসলাম তাকে দেখতে পান এবং রাতেই রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, শিশুটি প্রথমে নিজের ঠিকানা বলতে পারেনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বলেন, “শিশুটিকে নতুন পোশাক পরিয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভাইদের সঙ্গে আবদুল্লাহর পুনর্মিলনের মুহূর্তটি অত্যন্ত আবেগঘন ছিল।”
এ ঘটনায় স্থানীয়রা রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৪ PM