গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে এক খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি উপজেলার মীরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, মীরগঞ্জ বাজারের খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘কুঞ্জ ট্রেডার্স’ অবৈধভাবে সার মজুত করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান ইউএনও ইফফাত জাহান তুলি। অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুত ঠেকাতে প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


